
মধ্য ইন্দোনেশিয়ায় মঙ্গলবার ৬.৭ মাত্রার একটি অগভীর ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে মধ্য সুলাওয়েসি প্রদেশের পালু শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা জানিয়েছে, পালু ও সিগি এলাকায় ভূমিকম্পের কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হলেও সুনামির কোনো আশঙ্কা নেই।
পালুর বাসিন্দা ৪২ বছর বয়সী নুরহাইদার জানান, তিনি রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ প্রবল ঝাঁকুনি অনুভব করেন।
তিনি বলেন, “হঠাৎ মনে হলো একটি জোরালো ধাক্কা লাগল, তারপর পুরো বাড়ি কেঁপে উঠতে শুরু করে। ছাদ থেকে এমন শব্দ হচ্ছিল যেন সেটি ভেঙে পড়বে।”
তিনি আরও বলেন, “আমি দ্রুত সন্তানদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। প্রথমে আমরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লেও শেষ পর্যন্ত নিরাপদে বের হতে পেরেছি।”
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষের ফলে সৃষ্ট এই ভূকম্পনপ্রবণ অঞ্চলটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত।
উল্লেখ্য, ২০১৮ সালে পালুতে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ২,২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।
সূত্র: এএফপি