
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট জেটিতে কন্টেইনার পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের পাশাপাশি ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটির ৩ নম্বর জেটিতে এ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই জেটিতে কন্টেইনার ওঠানামা ও স্থানান্তরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তার স্বার্থে শ্রমিক ও সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও বন্দরের জেটি বিভাগে কর্মরত অরবিন্দ আইচ জানান, প্রথমে একটি গ্যান্ট্রি ক্রেনে আগুন লাগে। পরে আগুনের তাপ ও শিখা পাশে থাকা একটি রেফ্রিজারেটেড (ফ্রিজ) কন্টেইনারেও ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় ধরনের বিস্তার ঘটাতে পারেনি।