প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2026 ইং
টানা বৃষ্টিতে সবজির বাজারে আ/গুন

বৈরী আবহাওয়ায় রাজধানীসহ সারা দেশের বাজারে জিনিসপত্রের দাম হুহু করে বাড়ছে। সবজির দাম কেজিতে ৫০ টাকা পর্যন্তও বেড়েছে। সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বাড়ার অভিযোগ ব্যবসায়ীদের।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ১০০ টাকার নিচে সবজি পাওয়া এখন ভাগ্যের বিষয় । প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, করলা ও ঢ্যাঁড়শ ১০০ থেকে ১২০ টাকা, পটোল ও ঝিঙা ৮০ থেকে ১০০ টাকা, আর শসার দাম ঠেকেছে ১২০ থেকে ১৩০ টাকায়। টমেটো ১২০ থেকে ১৬০ টাকা এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। গাজর ১৬০ টাকা ও পেঁপে ৪০ থেকে ৫০ টাকায় কিছুটা স্বস্তি দিলেও, পেঁয়াজের ঝাঁজও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে খুচরায় ৬০ টাকায় ঠেকেছে। কাঁচা মরিচ যেন মানুষের নাগালের বাইরে, যে মরিচ ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যেত, তা এখন দ্বিগুণ থেকে তিন গুণ বেড়ে খুচরা বাজারে ২০০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি কিনতে আসা সাধারন মানুষ বলেন, বৃষ্টির অজুহাতে প্রতিদিনই নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। সব সবজির দাম এখন আকাশে ঠেকেছে। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য এভাবে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
খুচরা সবজি বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে পাইকারি বাজারে পর্যাপ্ত সবজি আসছে না। খেতে পানি জমে যাওয়ায় অনেক ফসল পচে নষ্ট হয়েছে এবং কৃষকেরা মাঠ থেকে সবজি তুলতে পারছেন না। সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকায় বাধ্য হয়েই আমাদের বেশি দামে কিনে কিছুটা লাভে বিক্রি করতে হচ্ছে।
কৃষি বিশেষজ্ঞর মতে, আবহাওয়ার এই বৈরী আচরণ চলতে থাকলে স্থানীয় সরবরাহ আরও কমে যেতে পারে পারে। তবে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, মেঘ কেটে আবহাওয়া স্বাভাবিক হলে এবং ক্ষেতের নতুন ফসল বাজারে আসা শুরু করলে দাম কিছুটা নামতে পারে।
এসএএস
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ettadinews.com