জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছেন, জুলাইকে ব্যবহার করে বিএনপি ক্ষমতায় এসেছে, এখন তারাই জুলাইকে অস্বীকার করছে। জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতায় এসে আজ সেই চেতনাকেই অস্বীকার করা হচ্ছে।
শুক্রবার(১০জুলাই)সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর ওসমান চত্বরে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে আমাদের দুই মিনিটের বক্তব্যের ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ৪৬ মিনিট সময় নিয়েছেন। এতে বোঝা যায়, আমাদের উত্থাপিত বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল।
তিনি আরো বলেন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় চলমান বন্যায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, সরকার, আপনি যদি মনে করেন দেশের ৭০ শতাংশ মানুষকে ডিঙিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে সেটা সম্ভব হবে না। জনগণের মতামত ও অংশগ্রহণকে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হচ্ছে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে তা থেকে সরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।
পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলের কেন্দ্রীয় নেতারা। এতে জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন এনসিপির লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ।
এসএএস
এসএএস